
চাঁদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর তৃণমূল নেতৃবৃন্দ।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে ইনসাফপূর্ণ আধুনিক চাঁদপুর বিনির্মানে করণীয় শীর্ষক আলোচনা সভায় তৃণমূল নেতাকর্মীদের বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান উপস্থিত দলটির শীর্ষ নেতারা।
মতবিনিময় সভায় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।
তিনি বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বেশি আস্থাভাজন। বিএনপি তিনবার রাষষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে বিশ্বাস করি।
তিনি বলেন, চাঁদপুরের ৫টি আসনে আমাদের দলীয় কোনো প্রার্থী না থাকলেও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুরের সকল নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করবে।
তিনি বলেন, ‘চাঁদপুরের প্রতিটি আসনে বিএনপির প্রার্থীকে নিরঙ্কুশ জয় এনে দিতে খেজুর গাছ প্রতীকের প্রতিটি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর-৫ আসনে বিএনপি মনোনী সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্ল্যা সেলিম।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশার সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
ফম/এমএমএ/


