চাঁদপুরে পুলিশের চৌকস সদস্যদের ‘গ্র্যান্ড স্যালুট টু পুলিশ ফোর্স’

চাঁদপুর : চাঁদপুরের ঐতিহ্যবাহী নৃত্য শিক্ষালয় সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের উদ্যোগে জেলা পুলিশের চৌকস সদস্যদের জন্যে ‘গ্র্যান্ড স্যালুট টু পুলিশ ফৌর্স’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৮জন চৌকস পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান। তিনি বক্তব্যে বলেন, আমার চাকুরি জীবনের ২০ বছরে এমন আয়োজন আর কখনো দেখি নাই। এই অনুষ্ঠানের মত বাংলাদেশ পুলিশও আয়োজন করতে পারে নাই। এমন একটি আয়োজন দেখে আমি নিজেই ভারাক্রান্ত হয়ে পরেছি। পুলিশদেরকেও মানুষ ভালোবাসে এ অনুষ্ঠানে এসে বুঝতে পারলাম। এ ধরণের সংবর্ধনায় আমাদের আরো দায়িত্বশীল হতে অনুপ্রেরণা দেয়।

তিনি আরো বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হয়েছেন পুলিশ সদস্য। কিন্তু কোন সরকারই সেই কৃতিত্বের পর্যাপ্ত প্রাপ্য দেয়নি। ১৮-২০ ঘন্টা কাজ করে একজন পুলিশ কিভাবে থাকে তা বলতে নিজের কাছেই কষ্ট অনুভূত হয়। সবাই পুলিশকে একটু অন্য চোখে দেখে। কিন্তু একজন কনস্টেবল চাকরিজীবন শেষে কি পায়? তার পেনশনের টাকা দিয়েও একটি বাড়ি হয়তো করতে পারে না। সেসব চিন্তা থেকে বেরিয়ে এসে এমন একটি আয়োজন দেখে আমি নিজেই এই অনুষ্ঠানের আয়োজকদেরকে গ্র্যান্ড স্যালুট জানাই।

বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য দেন রোটারিয়ান কাজী শাহাদাত।

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারি পরিচালক প্রান্ত সেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) নাদিরা নুর।

ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম হোসেন টিটু, নারী সমাজসেবিকা মাহমুদা খানম, নাঈমা রহমান, সেলিনা রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা ও আয়োজকরা আট চৌকস পুলিশ সদস্যদের উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

সংবর্ধনা প্রাপ্ত ৮ চৌকস পুলিশ সদস্য হলেন, সদর মডেল থানা কর্মরত মো. মহসিন ভূইয়া, হাইমচর থানা কর্মরত সঞ্জয় কুমার কির্তনীয়া, ফরিদগঞ্জ থানা কর্মরত মো. নাহির হোসেন আখন্দ, মতলব দক্ষিণ থানায় কর্মরত মো. জোয়াহেব আলী, মতলব উত্তর থানায় কর্মরত মো. মাঈনুল আলম, হাজীগঞ্জ থানায় কর্মরত নুর মোহাম্মদ, কচুয়া থানায় কর্মরত মো. আবু তাহের, ট্রাফিক বিভাগে কর্মরত মো. হেলাল হোসেন।

আয়োজকরা জানান, পুলিশ সদস্যদের মর্যাদা রক্ষার্থে এবং তাদের কৃতিত্বকে সামনে রেখেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সমাজতান্ত্রিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের অবদান অতুলনীয়। তাদেরকে এমন সংবর্ধনাও কম মনে হয়।

পরিশেষে গল্প সেন সরকারের তত্ত্বাবধানে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম