চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চাঁদপুর : রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছিলো পবিত্র মাহে রমাদান। সেই কুরআন নাজিল ও আত্মশুদ্ধির মাস শেষে চাঁদপুর জেলা জুড়ে ধর্মীয় পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে।

নামাজে ইমামতি করেন হাজী শরীয়ত উল্লাহ (রহ.) এর সপ্তম পুরুষ বাহাদুরপুরের পীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো. হাসান। নামাজ ও খুৎবা পাঠ শেষে মুসলিম উম্মাহ, দেশের অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মজলুম ও নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এই ঈদ জামায়াতে নামাজ আদায় করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি মুল্লীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে বহুবছর আগ থেকেই সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ¦ল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। আমাদের এই ধারা অব্যাহত থাকুক এটি প্রত্যাশা করছি। ঈদুল ফিতর উদযাপনে জেলাবাসীর সার্বিক সহযোগিতা থাকায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

এই ঈদ জামায়াতে সরকারি বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি রাজনৈতিক নেতাদের মধ্যে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলার সাবেক সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন, চাঁদপুরের জ্যেষ্ঠ আইনজীবী, দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক ও প্রকাশক ইকবাল বিন বাশারসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ নামাজ আদায় করেন।

জেলা প্রশাসকসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। ছবি: ফোকাস মোহনা.কম।

এদিকে সকাল ৮ টায় চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। সেখানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে নামাজ আদায় করেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। নামাজ শেষে তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

একই সময় প্রায় ১০ হাজার মুসল্লীর অংশগ্রহণে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে। সেখানে নামাজে ইমামতি করেন প্রখ্যাত আলেম, চাঁদপুর সরকারি কলেজ শেরেবাংলা ছাত্রাবাস মসজিদের খতিব ও ফরিদগঞ্জ চান্দ্রা সামাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনম মুহিবুল্লা।

সকাল সোয়া ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় চাঁদপুর সরকারি কলেজ মাঠে। সেখানে নামাজের ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা অলিউল্লাহ।

এছাড়া পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন পুরান বাজার ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল। এই জামায়াতে নামাজ আদায় করেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

আবহাওয়া অনুকুলে থাকায় জেলা সদরে চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় অধিকাংশ ঈদ জামায়াতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেলে শহর ও শহরতলীর লোকজন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসেন তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে। সেখানে দর্শনার্থীদের পদাচরণায় মুখোরিত হয়ে উঠে। এছাড়াও জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রিক এলাকায় ঈদ আনন্দ উপভোগ করতে মানুষ ভীড় জমায়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম