
চাঁদপুর : নির্বাচনকালীন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে চাঁদপুরে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পিআইবির গবেষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ সিদ্দিক ফারুক।
কর্মশালায় প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে বক্তব্য চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি অধ্যক্ষ জালাল চৌধুরী, বি এম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ প্রমুখ।
দ্বিতীয় দিনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সীমা, নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, গণমাধ্যম নীতিমালা-২০২৫, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া খবর ও অপতথ্য মোকাবিলা, হেট স্পিচ ও গুজব প্রতিরোধ এবং ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন দ্য ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার বাহারাম খান।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক ভোট ও ভোটার, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫ সহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক ছিদ্দিক। তিনি বলেন, জেলাজুড়ে প্রায় সাড়ে ৪শ’ নির্বাচন পর্যবেক্ষণ কার্ডের আবেদন এসেছে। সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড প্রদানের ক্ষেত্রে নিখুঁততা নিশ্চিত করতে প্রেসক্লাবের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকগণ অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তারা সঠিক নিউজ উপস্থাপন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
ফম/এমএমএ/


