চাঁদপুরে তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নে পরামর্শ সভা

হিফজুল কুরআন শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন পরিচালিত

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন পরিচালিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে ফাউন্ডেশনের সুধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিউ ট্রাক রোডস্থ আল আমিন মডেল মাদরাসা মিলনায়তনে এ পরামর্শ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। তিনি বলেন, “চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা একজন কুরআনের হাফেজ, যিনি কুরআন পড়েছেন, বুঝেছেন এবং সেই অনুযায়ী বিশ্ববাসীর জন্য অবদান রেখে গিয়েছেন। আজকে যারা কুরআনে হাফেজ হচ্ছেন তারাও একেকজন ইবনে সিনার মতো ভূমিকা রাখতে হবে। আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি, কুরআনে হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীরা দেশের সর্বস্তরে অবদান রেখে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমার জানামতে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন পরিচালিত আল আমিন মডেল মাদরাসার শিক্ষার্থীরাও ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও ফাউন্ডেশন পরিচালিত অন্যান্য প্রকল্পগুলোও প্রশংসার দাবি রাখে। এর মধ্যে অন্যতম কাজ তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা করা, যা দ্বীন প্রচারে এবং জাতি গঠনে বড় ধরনের অবদান রেখে যাচ্ছে। আমরা আশা করছি এবারের তাফসিরুল কোরআন মাহফিলটি জাতি গঠনে দিকনির্দেশনার একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে।”

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় ফাউন্ডেশনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সুধী, শুভাকাঙ্ক্ষীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে চাঁদপুর হাসান আলী সরকারি হাই স্কুল ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার। এছাড়াও মাহফিলে প্রতিদিনই দেশের প্রখ্যাত ওলামায়েকেরাম তাফসির পেশ করবেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম