চাঁদপুর : চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে আলীয়া বেগম (৪৮) নামে নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন হাজী বাড়ীর দক্ষিণে চাঁদপুর-লাকসাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে। মৃত আলীয়া বেগম জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের দৈল বাড়ির হাবিবুল্লাহ প্রধানিয়ার স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শহরের কালিবাড়ী কোর্ট স্টেশনে প্রবেশের সময় ট্রেনের নীচে কাটা পড়ে ওই নারী। এ সময় তার দেহে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার জানান, সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনসহ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর সাথে থাকা ব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে তার পরিচয় নিশ্চিত হয়। ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক কোন রোগের কারণে ট্রেনের নীচে কাটা পড়েছে। স্থানীয়রা বলছে ট্রেনের নীচে তিনি ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরো জানান, সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরকে জানানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হবে।
বলশীদ গ্রামের ইউপি সদস্য মো. আবুল হোসেন জানান, ওই নারীর গত কয়েক বছর মানসিকরোগী। তার স্বামী, দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। মৃত্যুর ঘটনা পরিবারের সদস্যদেরকে জানানো হয়েছে।
ফম/এমএমএ/


