চাঁদপুর : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে চাঁদপুরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন গত বছর জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থান হয়েছে। ৫ আগস্ট আমরা শহীদের স্মরণে এখানে শ্রদ্ধা নিবেদন করবো। আজকের যে জুলাই শহীদ স্তম্ভ স্থাপন করা হয়েছে এটা আমাদের গণতন্ত্র, সুশাসন এবং মানুষের অধিকার আদায়ের একটি প্রতীক হিসেবে থাকবে। আমরা এই গণতন্ত্রকামী মানুষের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামী দিনে যখনই কোন স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে আমাদের গণতন্ত্রকামী মানুষরা অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়বে। এই স্মৃতি স্তম্ভ হচ্ছে আমাদের প্রেরণার উৎস।
ডিসি বলেন, আন্দোলনে চাঁদপুরের শহীদ ৩১জন এবং ২৩০জন আহত আছে গেজেটেড।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসনের আয়োজনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কমনা করে দোয়া করা হয় এ সময়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, গণধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ফম/এস.পলাশ/এমএমএ/

