চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার সংলগ্ন খানেপুর এলাকায় অবৈধভাবে চর কেটে দখলের চেষ্টাকালে ৩জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সময় মাটি কাটার জন্য আনা তিনটি বেকু বিকল করে দেয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খানেপুর চরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় দুটি চরে দখলের উদ্দেশ্যে তিনটি বেকু (এক্সকাভেটর) প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে বেকুগুলো বিকল করে দেওয়া হয় এবং চর কাটার প্রস্তুতির কাজে নিয়োজিত তিন শ্রমিককে আটক করা হয়।
আটককৃত শ্রমিকদের মধ্যে নাহিদ শেখ ও আল-আমিনের নাম জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, খানেপুর এলাকার এই দুই চরে দীর্ঘদিন ধর মানুষ কৃষিকাজ করে আসছেন। কৃষিনির্ভর এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হয়ে থাকে। চরগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস।
তাদের অভিযোগ, সম্প্রতি ইউনিয়নের চাঁন মিয়া ওরফে চান্দু চৌকিদার, পাশবর্তী শরীয়তপুর জেলার নান্টু মাল ও ইউনুস মোল্লার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে এসব চর কেটে দখলের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরির পরিকল্পনা করে। এজন্য তারা পাবনা থেকে শ্রমিক এনে এবং তিনটি ভেকু ব্যবহার করে চর কাটার প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি আরও বলেন, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/


