চাঁদপুরে খাবার হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরে গণি স্কুল রোড ও কালিবাড়ী এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় খাবার হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার গণি স্কুল রোড এলাকায় ও কালীবাড়ি এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা না থাকায় সুমা ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরির দায়ে ক্যাফে কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা ও সদরের স্বাস্থ্য পরিদর্শক এবং জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম