চাঁদপুরে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫টি ভেকু বিকল, আটক ২

চাঁদপুর :  চাঁদপুররে ইব্রাহীমপুর ইউনিয়নের চরে প্রজেক্ট তৈরির নামে ভেকু দিয়ে (এক্সকাভেটর) জমির টপসয়েল কেটে ফেলার অপরাধে‌ ২জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটকৃকৃতরা হলেন, কৃষি জমির টপসয়েল কাটার সাথে জড়িত ভেকুর শ্রমিক হাফেজ মাল (৩৮) ও গোলাম রাব্বানী (৩০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি ভেকু বিকলসহ আটককৃতদের মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী একাধিক কৃষকরা জানান, ইব্রাহিমপুর ইউনিয়নের চালিতাতলী মৌজার চরে বহুকাল ধরে মানুষ কৃষিকাজ করে আসছেন। কৃষিনির্ভর এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, কালিঝিড়া, ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হয়ে থাকে। চরগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস। এইসব চরাঞ্চলের হাজার হাজার মানুষ এই কৃষি কাজের উপর নির্ভর করে জীবিকা নির্ভর করেন।

তাদের অভিযোগ, সম্প্রতি পাশ্ববর্তী শরিয়তপুর জেলার মমিন দিদার, স্থানীয় শাসন গাজী, আবু তাহের গোলদার, বিল্লাল গাজী, হারুন হাওলাদার, হানিফ, কাদির ছৈয়াল, রফিক মল্লিক, ইকবাল পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে এসব চর কেটে দখলের মাধ্যমে প্রজেক্ট তৈরির করছে। এজন্য তারা বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে ৫ থেকে ১০টি ভেকু দিয়ে ফসলী জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সদর উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর মাটি কাটা এবং চর দখলকারি চক্রটি ভুক্তভোগী কৃষকদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম