চাঁদপুর: চাঁদপুরে বিষ্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামী ফরহাদ আলম (৩৫), আবুল হাসিব (৩০) ও মোজাহিদুল ইসলাম (২৯) নামে তিন শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
গ্রেফতার ফরহাদ শহরের রহমতপুর আবাসিক এলাকার মৃত সালেহ আহমদ এর ছেলে, আবুল হাসিব চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমির শহরের উত্তর গুনরাজদী এলাকার বাসিন্দা এএইচ আহমদ উল্যাহ মিয়ার ছেলে এবং মোজাহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা ও জেলা জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেন মিয়াজীর ছেলে।
তাদেরকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই মামলায় শহরের নাজির পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে খান মোঃ নিয়াজ মোর্শেদ গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১৩ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের শান্তিপুর্ন মিছিলে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই কর্মী নিহত এবং চার পুলিশ আহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার ১৩ জন শিবির কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাড়ে ৪শ’ জনকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মামলা বিষ্ফোরক দ্রব্য আইনে ও অপরটি হত্যা মামলা। এই দুই মামলায় এজহারভুক্ত আসামী শিবির কর্মী ফরহাদ, হাসিব ও মোজাহিদ।
আরও পড়ুন>>চাঁদপুরে শিবিরের সাবেক নেতা মোর্শেদ গ্রেফতার
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, বিষ্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামী গ্রেফতার তিন শিবির কর্মী। গতকাল সন্ধ্যায় গ্রেফতার হওয়া খান মোঃ নিয়াজ মোর্শেদসহ ৪জনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/


