
চাঁদপুর: অসহায় ও কর্মহীন মানুষের জীবনে স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচন করতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আয়াত ফাউন্ডেশন। এই উদ্যোগের অংশ হিসেবে চাঁদপুরে মোট ১০টি ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়েছে, যা অনেক পরিবারের জন্য হয়ে উঠেছে জীবিকা নির্বাহের নতুন আশার আলো।
মঙ্গলবার (১৭ মার্চ ) সকালে চাঁদপুর শহরের লঞ্চঘাট মাদরাসা রোড এলাকায় অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি রিক্সা বিতরণ করা হয়। এর ৩দিন আগে আরও ৫টি রিক্সা বিতরণ করা হয়েছিল। ধারাবাহিক এই উদ্যোগের মাধ্যমে মোট ১০ জন সুবিধাবঞ্চিত মানুষ পেয়েছেন নতুন করে কর্মসংস্থানের মাধ্যমে জীবন শুরু করার সুযোগ।
রিক্সা বিতরণ কার্যক্রম পরিচালনা ও বিতরণ করেন আয়াত ফাউন্ডেশনের চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হযরত আলী মাল ও মহিউদ্দিন পাঠান।
আয়াতের নানা হযরত আলী মাল বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন যারা কাজ করতে ইচ্ছুক, কিন্তু সামান্য একটি উপকরণের অভাবে পিছিয়ে পড়েন। তাদের পাশে দাঁড়িয়ে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, দান নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের প্রধান উদ্দেশ্য, যাতে উপকারভোগীরা সম্মানের সঙ্গে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন।
রিক্সা পেয়ে উপকারভোগীদের চোখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ঝিলিক। তারা বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং পরিবার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।
উল্লেখ্য, আয়াত ফাউন্ডেশন ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার চাঁদপুর শহরে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নিয়মিত এক বেলা ভালো খাবার বিতরণ করে আসছে, যা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ফম/এমএমএ/


