চাঁদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে মাতৃভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল হাসান।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম