চাঁদপুর: সফলতার ১২ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরে অক্সফোর্ড মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হান্নান কাজী।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুশিক্ষিত প্রজন্মই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আবুন নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মোঃ শাহাজান খান, গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ কাজী রাসেল, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ শাহাদাত মিয়াজি এবং নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মোঃ সাকিবুল হাসান।
বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ প্রয়োগ না করে ভালোবাসা ও উৎসাহের মাধ্যমে লেখাপড়ার প্রতি মনোযোগী করে তুলতে হবে। বিশেষ করে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, আদর-যত্ন ও সহমর্মিতার পরিবেশে শিক্ষার্থীরা সহজেই পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে। ছোট বয়সে অতিরিক্ত চাপ শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
এসময় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।
ফম/মাইনুল/এমএমএ/


