চাঁদপুর: মঙ্গলবার (২৩ আগস্ট) শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুর ও হাইমচর-৩ আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৩ থেকে ৪শ’ নেতাকর্মী চাঁদপুর হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গীপাড়া যান। সেখানে অবস্থান, শ্রদ্ধা জ্ঞাপন ও কবর জিয়ারত শেষে চাঁদপুরে ফেরার পথে মতলব শ্রী রায়ের চর (বেড়ি বাঁধের উপর) নামক স্থানে কে বা কারা গাড়ী বহরে হামলা করে।
হামলার বিষয়টি ওই বহরে থাকা একাধিক সাংবাদিক নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, আনুমানিক ৫০ জনের একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অতর্কিতভাবে গাড়ির উপর হামলা করে। তাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দুই নেতা আহত হন। এর মধ্যে একজনের চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জুয়েল রানা। আহত জুয়েলকে চাঁদপুর একটি প্রাইভেট হাসপাতালে চোখ অপারেশন করা হয়।
এদিকে, ঘটনার সময় হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়লে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান গাড়ী থেকে রাস্তায় নেমে পড়েন এবং বহরের সকল গাড়ী একত্র করে তাৎক্ষনিক পুলিশ সুপারসহ স্থানীয় থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশের টের পেয়ে তাৎক্ষনিক সন্ত্রাসীরা পালিয়ে যান এবং বাকী সকলে নিরাপদে চাঁদপুর এসে পৌঁছান।-সূত্র: দৈনিক চাঁদপুর কন্ঠ অনলাইন।
ফম/এমএমএ/



