চাঁদপুর: রাজধানী ঢাকাসহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। চাঁদপুরে এর মাত্রা ছিলো ৫.৭। ইউজিএসের তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।
এদিকে চাঁদপুরে ভূমিকম্প অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ছুটাছুটি করে, ঘর এবং ভবন থেকে বের হয়ে যায়।
বাড়ির মালিক, ভাড়াটিয়া, রিকশা চালক, ব্যবসায়ী অনেকেই জানান, বহুবছর এই ধরণের ভূমিকম্প দেখেননি। অল্প সময়ের ভূমিকম্প হলেও ধরণ ছিলো খুবই ভয়াবহ।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বলেন, ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আগারগাঁও থেকে পর্যবেক্ষন এবং পরিমাপ করা হয়। সেই তুলনায় চাঁদপুরে একটু কম কম্পন হবে।
ফম/এমএমএ/


