চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুসহ সকলের জন্য সমতাভিত্তিক উন্নয়নের অঙ্গীকার করেছে।
বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে যুগোপযোগী সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন চাঁদপুর সদর–৩ (হাইমচর) আসনের দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের গ্রামের প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিশ্চিত করা হবে।
প্রত্যেক ইউনিয়নে নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হবে, যাতে নারীরা দ্রুত চিকিৎসা পেতে পারেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা পরামর্শ দেয়ার ব্যবস্থা চালু করা হবে।
তিনি আরও বলেন, যেসব দরিদ্র পরিবারের সন্তান অর্থাভাবে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের সম্পূর্ণ সরকারি সহায়তায় শিক্ষার সুযোগ দেয়া হবে। শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক উন্নত জাতি গঠনই আমাদের লক্ষ্য।
গণসংযোগের মাধ্যমে তিনি গ্রামাঞ্চলের মানুষের নানা সমস্যা শুনছেন এবং এগুলো সমাধানে বাস্তবধর্মী পরিকল্পনা তৈরি করছেন। তার দাবি, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দারিদ্র্য দূরীকরণই হবে ভবিষ্যৎ সরকারের উন্নয়ন।
এসময় সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বাঘাদি ইউনিয়নের নিজগাছতলা পীরজাদা মাওলানা মোহাম্মদ তানভীরসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এ সময় প্রার্থীর পক্ষে গ্রামবাসীর উন্নয়নের প্রত্যাশা এবং স্বাস্থ্য-শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের হবে এমন আশ্বাসে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।
ফম/এমএমএ/


