গভীর রাতে চাঁদপুর সরকারি কলেজের শহীদ জিয়া ছাত্রাবাসে র‍্যাগিং

চাঁদপুর:  চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া ছাত্রাবাসে গভীর রাতে হল কমিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের র‍্যাগিং করার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রায়হান কবির অভিযোগ করেন, অনার্স তৃতীয় বর্ষের কয়েকজন (হল কমিটির সদস্য) তাকে র‍্যাগিং করেছে।

রায়হান কবির জানান, গত দুই সপ্তাহ ধরে তার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, তাকে বলা হয়েছিল “র‍্যাগিং কী জিনিস দেখনি, ফজর পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকবি।”

রায়হানের অভিযোগ, সিনিয়র কয়েকজন শিক্ষার্থী প্রায়ই রাতে ডেকে নিয়ে বিভিন্ন অজুহাতে তাকে অপবাদ দেয় এবং হল থেকে বেরিয়ে যেতে বলে। তাদের অভিযোগ, রায়হানের আচরণ ভালো নয়, সে সিনিয়রদের সম্মান করে না ও তাদের কথা শোনে না। তবে রায়হান বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে র‍্যাগিং করা হচ্ছে।

ঘটনার রাতে চাঁদপুর সদর মডেল থানায় ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে রাত আড়াইটার দিকে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম. আব্দুল মান্নানকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে তিনজন শিক্ষককে ছাত্রাবাসে পাঠান।

তারা হলেন, কলেজের সহযোগী অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া, শহীদ জিয়া ছাত্রাবাসের হল সুপার খালেদ ইকবাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান।

অধ্যক্ষের পাঠানো শিক্ষক প্রতিনিধিরা অভিযুক্ত ও অভিযোগকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে বিষয়টি অধ্যক্ষকে অবহিত করে জানান যে, এটি পরবর্তীতে অফিসিয়ালভাবে সমাধান করা হবে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- তানজিল, নাছিম, মাছুম বিল্লাহ ও আমানুল্লাহ। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে চাইলে তারা বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন। উপস্থিত শিক্ষক প্রতিনিধিরাও তাদের বক্তব্য না নিতে গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ জানান।

ফম/এমএমএ/

মুসাদ্দেক আল আকিব | ফোকাস মোহনা.কম