খালেদা জিয়াকে মুক্তি না দিলে দেশের জনগণের মুক্তি মিলবে না : বুলু

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে এদেশের জনগণের মুক্তি মিলবে না। তাই আমাদেরকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে হবে। তাঁর বিরুদ্ধে যে মিথ্যা দুই কোটি টাকার মামলা দেয়া হয়েছে, সেই দুই কোটি টাকা এখন ব্যাংকে ৮ কোটি টাকা হয়েছে। এই সরকারের ১৪ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ও লুন্ঠন হয়েছে কিন্তু তার বিচার করা হচ্ছে না।

শনিবার (২৭ আগষ্ট) বিকেলে শহরের হাজী মহসীন রোডস্থ চিত্রলেখার মোড়ে চাঁদপুর শহর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলা জেলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার তুলনা তিনি নিজেই। দেশের সব নেতাদেরকে এক পাল্লায় এবং খালেদা জিয়াকে আরেক পাল্লায় দিলে খালেদা জিয়ার পাল্লাই ভারী হবে।

তিনি আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্যে করে বলেন, খালেদা জিয়াকে এক ঘন্টার জন্য মুক্তি দিয়ে দেখেন, ঢাকার শহরের কোন লোক ঘরে থাকবে না, রাস্তায় চলে আসেব।

বুলু বলেন, বিদ্যুতের নামে ৯০ হাজার কোটি টাকা লুটপাট করেছেন। আজকে বিদ্যুৎ নাই কেন। তেল বিক্রি করে ৫০ হাজার কোটি টাকা লাভ করেছেন, জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি হল কেন। সারা বিশ্বে যখন জ্বালানি তেলের মূল্য বেশি ছিল তখন দেশে মূল্য বৃদ্ধি করা হয়নি। সারা বিশ্বে জ্বালানি তেলের দাম যখন সবচাইতে কম, এখন আপনারা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর খান ও সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিমসহ জেলা, সদর ও শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম