খামার তৈরি করতে বেকার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে

চাঁদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক

চাঁদপুর: বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) সকালে দিবস উপলক্ষ্যে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, যুব উন্নয়নের ডেপুটি কো-অডিনেটর কফিল উদ্দিন, জেলা কৃষি উন্নয়ন অফিসার সাইফুল আলম, মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস প্রমুখ।

আলোচনা শেষে কুইজ, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এ জাতিকে মেধাবী জাতিতে পরিণত করতে হলে অবশ্যই প্রত্যেকের সন্তানদের দুধ বা সুষম খাবারের বিকল্প নেই। বেশি দাম পেয়ে নিজেদের সন্তানদের না খাইয়ে বাজারে বিক্রি করা মোটেই ঠিক না। কিছু পরিমান দুধ প্রত্যাক সন্তানদের নিয়মিত পান করার অভ্যাস করতে হবে। বেশি বেশি করে খামার তৈরি করতে বেকার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, শিশুদের মেধাবিকাশ ও বেড়ে উঠার জন্য প্রত্যেক শিশুকে দুধ পান করানো প্রয়োজন। এছাড়াও সকল বয়সী মানুষের জন্য দুধ পান সকলের জন্য উপকারী। এই এলাকার খামারিদের উন্নয়নের জন্য কাজ করা প্রয়োজন।

তিনি সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারিভাবে যেসব প্রতিষ্ঠান গরু পালন করে, দুধ মাংস উৎপাদন করে, তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম