চাঁদপুর: চাঁদপুর সরকারি শিশু পরিবার এবং বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের খ, গ ও ঙ গ্রুপের ৬টি টেন্ডার একই ব্যক্তির দখলে গেছে। অভিযোগ উঠেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠজন জৈনক ভরত বাবু নামের এক ব্যক্তি নিয়ম ভঙ্গ করে এসব কাজ পেয়েছেন।
টেন্ডারের নিয়ম ভঙের অভিযোগ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু পরিবার ও বাক শ্রবণ বিদ্যালয়ে তিনটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। ‘খ’ গ্রুপ আনুসঙ্গিক (কাপড়, সাবান, তেল, ঔষধ, খাতা-কলম ইত্যাদি), ‘গ’ গ্রুপ খাদ্য, ‘ঙ’ গ্রুপ বছরের থোক বরাদ্দ (২-৫ লাখ টাকার কাজ)।
সরকারি নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেটি উপেক্ষা করা হয়। সর্বনিম্ন দরদাতা গ্লোবথ ট্রেডার্স বাদ, চতুর্থ সর্বনিম্ন দরদাতা সোহাগ মেডিকেল (ভরত বাবু) পেল কাজ। অথচ ২০০৮ সালের পিআর অনুযায়ী এবং গত ১০ বছর ধরে সর্বনিম্ন দরদাতাকেই কাজ দেওয়া হয়ে আসছে।
কাজ পাওয়া জৈনক ভরত বাবু বলেন, আমি দুই প্রতিষ্ঠানের ৩টি করে মোট ৬টি গ্রুপের জন্য টেন্ডার জমা দিয়েছিলাম। যাচাই-বাছাই কমিটি আমাকে কাজ দিয়েছে। সেই নিয়মেই আমি কাজ করে যাচ্ছি।
চাঁদপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক ছায়রদ উদ্দিন বলেন, টেন্ডারের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এ বিষয়ে একটি কমিটি রয়েছে। এর আহ্বায়ক এডিসি ও সদস্য সচিব সমাজসেবা অধিদপ্তরের ডিডি। আমি কেবল ওই কমিটির একজন সদস্য। বিস্তারিত জানতে হলে কমিটির আহ্বায়ক বা সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করতে হবে।



