শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ববর্তী সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১২ জুন তারিখে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নতুন কমিটিতে মো. রেজাউল কবির দিপু পুনরায় সভাপতি এবং সৈয়দ আল-আমিন সম্রাট পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এছাড়াও রফিকুল ইসলাম রফিক সিনিয়র সহ-সভাপতি, কাউছার আহমেদ মজুমদার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য চাঁদপুরের কৃতি সন্তান আলম খান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এই নতুন কমিটিতে মোট ১২১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। সক্রিয়, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার প্রত্যাশা করা হচ্ছে।
উক্ত কমিটির অনুমোদন আসে যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তর) আহছান উল্ল্যাহ স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে। পত্রে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কঠোর অবস্থানের কথা জানানো হয়।
নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অবৈধ কমিটি বা পদব্যবহার করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার প্রত্যয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
ফম/এমএমএ/


