কুমিল্লার মাদকব্যবসায়ী তানিয়া চাঁদপুরে গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে কুমিল্লার মাদকব্যবসায়ী তানিয়া আক্তার পাখি (২২) ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তানিয়া কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মধ্য হারং (সিরাজ ফকির বাড়ী) মো. আলমের মেয়ে। তার স্বামীর নাম মো. লিয়ন হাওলাদার।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, শুক্রবার দুপুরে উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী গ্রামের পুরাতন লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদকব্যবসায়ী তানিয়া আক্তার পাখিকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এই বিষয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

 

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম