
চাঁদপুর: চাঁদপুর শহরের কয়ালঘাট এলাকায় মাদক ক্রয়ের সময় রাসেল গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার ওই ব্যবসায়ীকে পুলিশ উদ্ধার করে হেফাজতে নেয়।
সোমবার (৩০ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কয়ালঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী দীর্ঘক্ষণ ধরে রাসেল গাজীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। একপর্যায়ে মাদক ক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত চাঁদপুর সদর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ভূঁইয়া দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় রাসেল গাজীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে আবু রায়হান ভূঁইয়া অভিযোগ করেন, আটক মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের চেষ্টা করছে। একই সঙ্গে কিছু ফেসবুকভিত্তিক অনলাইন মাধ্যমে তার নামে ভুয়া সংবাদ প্রচারের অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, আমি একজন দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দিয়েছি। এ কারণে মাদক ব্যবসায়ী আমার প্রতি ক্ষুব্ধ হয়ে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়।
ফম/এমএমএ/



