চাঁদপুর : চলমান তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন নিম্ন আয়ের মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, ঠিক তখনই মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে দ্বিতীয় ধাপে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে শহরের ওয়্যারলেস মোড় এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাকারিয়া মহিউদ্দিন, শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খানসহ ওয়ার্ড জামায়াতের নেতারা।
এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চকি সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য, অটোরিকশা ও অটোবাইক চালক, ফুটপাতের দোকানি, পথচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার দুই শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, মানুষ মানুষের জন্য এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জামায়াতে ইসলামী সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শীতের তীব্রতা যতদিন থাকবে, ততদিন চাঁদপুর শহরসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


