চাঁদপুর : চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ওয়াজ উদ্দিন (২৮) ও স্ত্রী সাবিকুন নাহার (২৩) নিহত হয়েছেন। আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন তারা।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-কচুয়া সড়কের হাটমুরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বারৈয়ারা গ্রামের দিগীরপাড় গ্রামের মোঃ ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াজ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে সাচার মেডিকেলে চিকিৎসা নিতে যান। ডাক্তার দেখানো শেষে সাচার থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। পরে দুপুর আড়াইটার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি হাটমুরা নামকস্থানে এলে ঢাকা থেকে মালামাল নিয়ে আসা কচুয়াগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ওয়াজ উদ্দিন ও সাবিকুন নাহার ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ভাই রবিউল্ল্যাহ জানান, আমরা চার ভাই তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন প্রথম। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তর পাড়া নজরুল ইসলামের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন সাচার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক আমার ভাই ভাবীর প্রাণ কেড়ে নেয়। আমার ভাবী ৮মাসের অন্তঃসত্তা ছিলো বলেই তারা কান্নায় ভেঙ্গে পড়ে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, ওয়াজউদ্দীন তার স্ত্রীসহ সিএনজি চালিত অটোরিকশাযোগে সাচার থেকে বারৈয়ারা যাওয়ার পথে ঢাকা থেকে কচুয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ট্রাক ও অটেরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছেন। মরদেহ কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিহতদের পরিবারের লোকজন আবেদন করেছেন। আইনী পক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
ফম/এমএমএ/



