কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া থানায় নতুন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন। সদ্য বদলীকৃত ওসি মো. আজিজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।
এর আগে তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় জনগণের আস্থা অর্জনে তিনি ছিলেন প্রশংসিত।
মাদারীপুর জেলার সন্তান মোহাম্মদ বোরহান উদ্দিন ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন থানায় সততা, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা জোরদারে সবার সহযোগিতা চাই। “কচুয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে নবাগত ওসি দায়িত্ব গ্রহণ করায় কচুয়া থানায় প্রশাসনিক গতিশীলতা বেড়েছে। স্থানীয়ভাবে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন পরিকল্পনার কথাও আলোচনা শুরু হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।
ফম/রাছেল/


