কচুয়ায় সুলতানা ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ, ভোগান্তিতে চালকরা

মজুদ সংকটের অজুহাত

কচুয়া (চাঁদপুর) : ​চাঁদপুরের কচুয়ায় মজুদ সংকটের অজুহাতে তেল বিক্রি বন্ধ রেখেছে মেসার্স সুলতানা ফিলিং স্টেশন। আকস্মিক এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যানবাহন চালক ও সাধারণ মানুষ।

​শনিবার (৭ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশনটির প্রবেশমুখে ‘তেল নেই’ সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা এবং পণ্যবাহী ট্রাকগুলো তেল না পেয়ে ফিরে যাচ্ছে।

​মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে সরকার নতুন নির্দেশনা জারি করার পরপরই এমন চিত্র দেখা গেল।

চালকদের অভিযোগ, সরকার তেলের সীমা নির্ধারণ করে দিলেও পাম্প কর্তৃপক্ষ অধিক মুনাফার আশায় বা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিক্রি বন্ধ রেখেছে।

​ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক জানান, কয়েকটি পাম্প ঘুরে এখানে এসেছিলাম তেলের আশায়। কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের কাছে তেল নেই। অথচ গতকাল পর্যন্ত স্বাভাবিক বিক্রি চলেছে। হুট করে তেল শেষ হয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক।

​এ বিষয়ে মেসার্স সুলতানা ফিলিং স্টেশনের ম্যানেজার এনামুল হক জানান, ডিপো থেকে তেলের সরবরাহ কম থাকায় এবং বর্তমান মজুত শেষ হয়ে যাওয়ায় তারা সাময়িকভাবে বিক্রি বন্ধ রেখেছেন। নতুন সরবরাহ এলেই পুনরায় বিক্রি শুরু হবে।

​উল্লেখ্য, গতকাল (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে যানবাহনভেদে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। এরপর থেকেই সারা দেশের মতো কচুয়ায়ও ফিলিং স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত তদারকি দাবি করেছেন এলাকাবাসী।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম