কচুয়ায় মটর চুরির ঘটনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

চাঁদপুর : চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মটর চুরির অভিযোগে সাকির হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রজেক্টর মালিক বিকাশ সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের একটি মাছের প্রজেক্টে এই ঘটনা ঘটে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে ১০ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত এজহার দিয়েছেন। নিহত সাকির হোসেন ওই উপজেলার দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়দে সাথে কথা বলে জানাগেছে, দোয়াটি গ্রামের বিকাশ নামের এক ব্যক্তির মাছের প্রজেক্ট থেকে পানির মটর চুরির অভিযোগে সাকির হোসেনকে আটক করে স্থানীয়রা। এরপর প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওই প্রজেক্টেই ফেলে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সাকিরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, সাকির হোসেনকে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুইজনকে আটক করেছে। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/রাছেল/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম