চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে হত্যার ঘটনায় আবদুল কাদের (১৮) নামের এক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ জুন) বিকালে গ্রেপ্তার আবদুল কাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। আবদুল কাদের উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে।
বুধবার (২৫ জুন) দিনগত রাতে চাপাতলী গ্রামের প্রধানিয়া বাড়িতে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে পাতার স্তুপে রাখা হয়। এ ঘটনায় ওই দিনই ছেলে সোহেল প্রধানিয়া বাদী হয়ে অজ্ঞাতদের বিবাদী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজাখোঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত একটি হত্যা কান্ড। গ্রেফতারকৃত আবদুল কাদেরের কাছে বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/


