কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে আহাজারি

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরে ডুবে জুনাঈদ হোসেন (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহত জুনাঈদ হোসেন ওই গ্রামের গ্রাম পুলিশ জোসনা আক্তারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটির এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ভোরবেলায় পরিবারের সবাই ঘুমিয়ে থাকলেও জুনাঈদ ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। ধারণা করা হচ্ছে, দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় ২ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় জুনায়েদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলে নিশ্চিত হওয়া যায় যে, সে আর বেঁচে নেই। এ ঘটনায় নিহত শিশুটির মা জোসনা আক্তারসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এলাকাবাসীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম