কচুয়া (চাঁদপুর): ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচির আওতায় ৪৭ হাজার ৯৩৬ টি পরিবারকে চাল প্রদান করা হচ্ছে।
রবিবার (১৪ মার্চ ) ৫নং সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।
এসময় ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা ও মাঝিগাছা মাও. আব্দুল মবিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, ইউপি সচিব মো. জসীম উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক খোরশেদ আলম রাখাল, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারন সম্পাদক হান্নান প্রধান, যুবদল সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ শেষ হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয়।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
ফম/এমএমএ/



