কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে জখম

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বলরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।  শুক্রবার ২০  মার্চ সকালে বলরা গ্রামের লন্ডনী  বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই মোহাম্মদ সহিদ উল্লাহ বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বলরা গ্রামের হাজী খলিলুর রহমান ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে পৈতৃক ও লিজ নেওয়া সম্পত্তি ভোগদখল করে আসছেন। কিন্তু বিবাদী পক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে টিনের ঘর তোলার চেষ্টা করে।

​এ সময় হাজী খলিলুর রহমান বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা দিয়ে তাঁর মাথায় কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে তাকে নীলফলা জখম করা হয়। তাঁর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

​গুরুতর আহত অবস্থায় হাজী খলিলুর রহমানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর মেজো ভাই মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, বিবাদীরা উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং তারা এলাকার কোনো শালিস-দরবার মানে না। প্রবাস থেকে ছুটিতে এসে এমন বর্বরোচিত হামলার শিকার হতে হবে তা কল্পনাও করেননি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​কচুয়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম