চাঁদপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুরসহ সারাদেশ। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পরই বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ ও সড়ক অবরোধ।
জানা গেছে, এর আগে রাজধানীতে শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসি হামলার ঘটনা ঘটে। হামলায় তাঁকে গুলি করে গুরুতর আহত করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীনঅবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজ। মৃত্যুর খবরে চাঁদপুরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
রাতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার কর, খুনিদের বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, শরীফ ওসমান হাদীর ওপর গুলি চালানো সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা।
ফম/এমএমএ/


