চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ইনসাফ থাকবে। ইনসাফের বাংলাদেশে সকল ধর্মের লোক স্বাধীনভাবে তাদের অধিকার ভোগ করবে। অন্যদের মতো মিথ্যা আশ্বাস ও প্রতারণা করবো না। কারণ সাধারণ মানুষ ও ভোটার তাদের এই প্রতারণা বুঝতে পেরেছে। তারা এখন সঠিক মানুষকে নির্বাচিত করবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৬ নম্বর গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিল্লাল হোসেন মিয়াজী আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জুলুম থাকবেনা, সন্ত্রাস থাকবেনা, দুর্নীতি থাকবেনা, দখলদারিত্ব থাকবেনা। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে আমাদের মা-বোনেরা ইজ্জত সম্মান নিয়ে বসবাস করবে। আমরা ভিক্ষা নয়, মানুষ কর্ম করে খাবে সে বাংলাদেশ চাই।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আবুল হোসাইন, হারুন অর রশিদ ওসমানি, চাঁদপুর শহর শাখার আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউনুছ হেলাল, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন ও ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল।
আরো বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির আহবায়ক মাহবুব আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল জাব্বার ও সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান শরীফ।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সিদ্দিকুর রহমান। জনসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


