চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, দল-মত নির্বিশেষে আলেমদের ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে। আগামী নির্বাচনে দেশব্যাপী সকল ওলামাকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রার্থীকে কেন্দ্র করেই সবাইকে এক বাক্সে ভোট দিতে হবে। আলেমদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের আর পিছপা হয়ে থাকার সুযোগ নেই।
শনিবার (২২ নভেম্বর) সকালে চাঁদপুরে কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা আয়োজিত ওলামা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে আলেমদের ওপর অন্যায় নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। সেই ইতিহাস বয়ে বেড়াচ্ছে ধর্মীয় শিক্ষার সাথে যুক্ত হাজারো মানুষ। তিনি বলেন, গত ফ্যাসিবাদী সরকার দেশের আলেমসমাজকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করেছিল। ওলামাদের ওপর যে নির্যাতন হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন।
মাওলানা হালিম বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে আলেমদের পাঁচটি দাবি আংশিকভাবে মেনে নেওয়া হলেও মূল দাবিগুলো এখনো পূরণ হয়নি।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ে আলেম সমাজকে আরও সুসংগঠিত হতে হবে এবং জনমত তৈরিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
কচুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাচার ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদ ইসলাম বুলবুল, চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী।
এ সময় সাচার ইউনিয়ন আমির মীর মোহাম্মদ আজিজুজ্জামান, সাচার ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনির হোসেন হেলালী, পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বিতারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানীসহ ওলামা মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

