আমার নামে মামলা, ব্যাংক হিসাব জব্দসহ বিদেশে নিষেধাজ্ঞা বাস্তবে কোনোটিই সত্য নয় : ড. জালাল

চাঁদপুর : চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি স্বার্থন্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা হচ্ছে—আমার নামে মামলা রয়েছে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং বিদেশে আমার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবে এসবের কোনোটিই সত্য নয়।

তিনি আরও বলেন, আমার নামে কোনো মামলা নেই। ব্যাংক হিসাব জব্দ বা বিদেশে নিষেধাজ্ঞার বিষয়টি সম্পূর্ণ গুজব। এসব মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মী ও চাঁদপুর-২ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা কেউ অপপ্রচার বা গুজবে কান দেবেন না। সত্য যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করবেন না।

সংবাদ সম্মেলনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম