চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ইসলামপুর গাছতলা বেপারী বাড়িতে এই সমাবেশের আয়োজন করে ইউনিয়ন জামায়াত।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনতী চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি বক্তব্যে বলেন, আপনারা জানেন যারা বিগত দিনে ক্ষমতায় গিয়েছে তারা জনগণের অধিকার খর্ব করেছে। জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করে দিয়েছে। বিগত দিনের এই ধরণের অভিজ্ঞতা থেকে আমরা আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করবো। এদেশের মানুষ নতুন বন্দোবস্ত চায়, বৈষম্যহানী বাংলাদেশ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। কারণ দুর্নীতিই হচ্ছে এই দেশের উন্নতির প্রধান বাঁধা। অতীতে যারা দেশ পরিচালনা করেছে বারবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আর এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দিব না ইনশাআল্লাহ।
তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা পরিবার নিয়ে শান্তিতে বসবাস এবং আপনাদের অধিকার চান। আমাদের সন্তানরা ভালোভাবে পড়ালেখা করতে চায় এবং পড়ালেখা শেষ করে চাকরির নিশ্চয়তা চায়। বিগত দিনে আপনারা এসব থেকে বঞ্চিত ছিলেন। নানাভাবে কোটার কারণে সন্তানরা চাকরি বঞ্চিত ছিলো। তারা রাস্তায় এসে সার্টিফিকে ছিড়েফেলেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে। কিন্তু আগামীতে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সন্তানরা চাকরি পাবে। আমি জানতে পেরেছে আমাদের কিছু সন্তান চাকরি পেয়েছে। কারণ এখন চাকরির নামে সুবিধা নেয়ার লোক নেই। যে কারণে মেধার মূল্যায়ন হচ্ছে।
তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে মায়েদের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই স্বাস্থ্যসেবার জন্য ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সঠিকভাবে পরিচালনা করা হবে। মায়েরা যাতে করে দিন ও রাতে চিকিৎসা নিতে পারে। একই সাথে মায়েদের কর্মসংস্থানের ওপর অধিকতর গুরুত্ব দেয়া হবে।
তিনি নারীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আপনারা অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আপনারা ন্যয় ও ইনসাফের সরকার গঠনে সর্বাত্মক সহযোগিতা করবেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী। সভাপতিত্ব করেন বাগাদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বেলায়েত হোসেন খান।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-৩ আসনে একজন সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন। তিনি এর আগেও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই সময় তিনি সততার পরিচয় দিয়েছেন এবং তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ উঠেনি। জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করবেন। এতে করে তরুনদের আকাঙ্খা পুরণ হবে। আপনারা শুধুমাত্র উনাকেই ভোট দিবেন, তা নয়। অন্য মা-বোনদের ভোট দিতে এবং কোরআনের সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে সকলকে আহবান জানাবেন।
ফম/এমএমএ/

