চাঁদপুর: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ জেলা জামায়াতের কার্যালয় দারুস সালাম ইসলামিক সেন্টারে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষা শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিলাল হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। ভাষা আন্দোলনের সেই চেতনা আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণা জোগায়।
তারা আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল শোকের নয়, বরং আত্মপরিচয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ দিন। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সকলকে ভাষার সঠিক ব্যবহার ও সংরক্ষণে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ২০২৪ সালের আন্দোলনে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, অ্যাডভোকেট মো. মামুন, ওমর ফারুক, মো. কবির হোসেন খানসহ শহরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতারা।
আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্টিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সোহেল আহমেদ চিশতি।
ফম/এমএমএ/


