আইনগিরী গ্রামে কাঁচা রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ এলাকাবাসীর

ছবি: ফোকাস মোহনা.কম।
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরি ছেনার বাড়ির শতশত মানুষের যাতায়াতে কাঁচা রাস্তা সংস্কারের অভাবে  চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে । এমনকি বর্ষা ও বৃষ্টির মৌসুম  ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল-কলেজ-মাদ্রাসার  কোমলমতি শিক্ষার্থীরা। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে,  রাস্তাটি দিয়ে প্রতিনিয়িত ওই ইউনিয়নের আইনগিরিসহ কয়েকটি গ্রামের মানুষ,স্কুল-কলেজ- মাদ্রাসার শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ সকল পেশাজীবী লোকজন যাতায়াত করেন।  বর্ষা ও বৃষ্টির মৌসুমে  কাঁচা রাস্তায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বিল্লাল হোসেন ও জামাল হোসেন বলেন, রাস্তাটি অন্য রাস্তা থেকে নিচু হওয়ায় বর্ষা ও বৃষ্টির মৌসুমে তলিয়ে যায়। তখন আশেপাশে গ্রামসহ এই বাড়ির লোকজন বিপদে পড়ে। ফলে এলাকাবাসী রাস্তায় বাঁশের সাঁকো ও কলাগাছের ভেলা দিয়ে প্রতিনিয়ত পারাপার  হয়। রাস্তাটি সংস্কারের আশ্বাস দেয় স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু তারাও কথা রাখে না। প্রতিবছর এ উপজেলায় সরকার টিআর, কাবিটা, কাবিখা, এলজিইডি, দুর্যোগ, ব্যবস্থাপনা ও কর্মসৃজন কর্মসূচির আওতায় কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ওই গুরুত্বপূর্ণ রাস্তাটির প্রতি কারো নজর পড়েনি। কর্তৃপক্ষের কাছে  দ্রুত সংস্কারের দাবি জানাই।
ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম