আইডিয়াল কিন্ডারগার্টেনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী বলেছেন, চাঁদপুর-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন মতলবের শিক্ষা ব্যবস্থাকে সর্বউন্নত করে তোলবেন। মতলবে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত কর্মদক্ষ ছেলে মেয়ে বেরিয়ে আসবে। সকল শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হবে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দি আইডিয়াল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হুদা ফয়েজী আরও বলেন, দক্ষিণ রাঢ়ীকান্দি গ্রামে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই প্রতিষ্ঠানটিকে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রুপান্তর করা হবে। এবং রাস্তাঘাট সহ সকল অবকাঠামো উন্নয়ন করা হবে। আমাদের নেতা তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আমাদের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন। আপনারা সবাই তাকে সহযোগীতা করবেন।

ফয়েজী তার বক্তব্যে বলেন, দক্ষিণ রাঢ়ীকান্দি আইডিয়াল কিন্ডারগার্টেনের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদেরকে তিনি নিজ উদ্যোগে পুরস্কৃত করবেন এবং এই স্কুলটি উন্নয়ন করার লক্ষ্যে কাজ করবেন। এছাড়াও স্কুলে শিক্ষা উপকরণ প্রদান করারও আশ্বাস প্রদান করেন তিনি।

সমাজসেবক হাসান খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আশ্রাফুন নেছার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কাকন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আসলাম খান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান দেওয়ান, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুবদলের নেতা আলআমিন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারি শিক্ষক আমেনা বেগম, ফরিদ খান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম