চাঁদপুর: চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৩ মে) বিকেল ৩ টায় জেলা ক্রীড়া সংস্থার হলরুমে উদ্বোধনের মাধ্যমে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ শামসুল আলম সূর্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল আলম সূর্য বলেন আজকের এই সুন্দর বিকেলে তোমাদের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। তোমাদের মুখে যে হাসি, চোখে যে স্বপ্ন আর হাতে যে রঙের তুলি-তা আমাদের আগামী দিনের আলোকবর্তিকা।
চিত্রাঙ্কন এমন এক জাদুময় মাধ্যম, যার মাধ্যমে তোমরা তোমাদের ভাবনা, কল্পনা ও অনুভূতিকে তুলে ধরো। তোমাদের প্রতিটি আঁকায় আমি দেখি ভবিষ্যতের শিল্পী, চিন্তক, আর সৃজনশীল নাগরিকের পরিচয়। এই প্রতিযোগিতা শুধুই পুরস্কারের জন্য নয়, বরং শেখার, আনন্দ পাওয়ার ও নিজের মনের কথাগুলো ক্যানভাসে ফুটিয়ে তোলার সুযোগ। মনে রেখো, সৃষ্টিশীলতা কোনো সীমানা মানে না। প্রতিটি রঙ, প্রতিটি রেখা তোমাদের স্বপ্নপূরণের পথে এক একটি ধাপ।
আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য এবং তোমাদের সবাইকে শুভকামনা জানাই। আসো, আমরা সবাই মিলে একসাথে রঙে রাঙাই আমাদের ভবিষ্যৎ।
সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ কুমার সোম এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মোঃ আশরাফুল আরিফ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চিলড্রেন একাডেমীর অধ্যক্ষ মহম্মদ কাউসার বাটোয়ারী, বাংলাদেশ পুলিশ সদস্য মো. নবীর হোসেন ও,সাবেক ছাত্রনেতা কাউসার চৌধুরী প্রমুখ।
ফম/এমএমএ/

